মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জার্মানিতে অবস্থানরত মার্কিন সেনা সংখ্যা কমানোর বিষয়টি তার প্রশাসন পর্যালোচনা করছে। তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানান, খুব শিগগিরই এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।
এই ঘোষণা এমন সময়ে এসেছে, যখন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান যুদ্ধ ইস্যুতে মের্ৎস মন্তব্য করেছিলেন যে, ইরানের নেতৃত্বের কাছে যুক্তরাষ্ট্র “অপমানিত” হচ্ছে—এ মন্তব্যের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। এছাড়া ট্রাম্প অভিযোগ করেন, জার্মানি ও অন্যান্য ন্যাটো মিত্ররা যুক্তরাষ্ট্র-ইসরাইল জোটকে যথেষ্ট সহায়তা করছে না এবং হরমুজ প্রণালী পুনরায় চালু করতে নিজেদের নৌবাহিনী মোতায়েন না করায় তাদের সমালোচনা করেন।
বর্তমানে জার্মানিতে প্রায় ৩৩,৯০০ মার্কিন সেনা অবস্থান করছে, যা যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ বিদেশি সামরিক ঘাঁটি হিসেবে বিবেচিত।