ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না বাজার এলাকায় বুধবার রাত ৯টার দিকে সন্ত্রাসীদের হামলায় সাবেক ইউপি সদস্য মোলায়েম হোসেন নিহত হয়েছেন। নিহতের বয়স ৫৫ বছর। তিনি ভায়না ইউনিয়নের কালিশংকরপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে এবং ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতিও ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, মোলায়েম হোসেন ভায়না বাজারে একটি স্কুলের পাশের মাঠে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হরিণাকুন্ডু থানার ওসি মাসুম খান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মোলায়েম হোসেন আগে নিষিদ্ধ ঘোষিত একটি চরমপন্থি বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ওই বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলের জেরেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে প্রকৃত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।