স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানী ঢাকার দীর্ঘদিনের বর্জ্য ও নাগরিক সমস্যা সমাধানে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজিত ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঢাকাকে বাসযোগ্য করতে কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠান একা সক্ষম নয়।
তিনি উল্লেখ করেন, সমন্বয়হীনতার কারণে রাজউক, ওয়াসা ও বিদ্যুৎ বিভাগের কার্যক্রমে জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সিটি কর্পোরেশনকে শক্তিশালী কাঠামোর অধীনে এনে অন্যান্য সংস্থার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজন। বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদী পুনরুদ্ধার এবং চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা জোরদারের ওপরও তিনি গুরুত্ব দেন।
ঠাকুরগাঁও পৌরসভার সাবেক চেয়ারম্যান হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সচেতনতা ও দায়িত্ববোধ পরিবার ও বিদ্যালয় থেকে শুরু করতে হবে। জীবনের শেষভাগে ঢাকাকে আবারো সুন্দর ও সবুজ দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে তিনি সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।