কানাডার অন্টারিও প্রদেশের সাধারণ জনগোষ্ঠীর মধ্যে প্রেসক্রাইবিং ক্যাসকেড কতটা প্রচলিত, তা নিয়ে নতুন গবেষণা হয়েছে। একটি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কমানো বা চিকিৎসার জন্য আরেকটি ওষুধ যোগ করলে এ পরিস্থিতি তৈরি হতে পারে। এতে অনিচ্ছাকৃতভাবে নতুন পার্শ্বপ্রতিক্রিয়া ও জটিলতার ঝুঁকি বাড়তে পারে, বিশেষত একসঙ্গে বহু ওষুধ গ্রহণকারীদের ক্ষেত্রে।
বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে গবেষকেরা সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ওষুধ ব্যবহারের ৬৫টি ধরন চিহ্নিত করেন। পরে অন্টারিওর স্বাস্থ্য-সংক্রান্ত তথ্যভান্ডারে থাকা প্রেসক্রিপশন রেকর্ড বিশ্লেষণ করে বাস্তবে এসব সংমিশ্রণ কতটা ঘটছে তা দেখা হয়। গবেষণায় ২৪টি প্রচলিত এবং সম্ভাব্য ক্ষতিকর প্রেসক্রাইবিং প্যাটার্ন শনাক্ত হয়েছে।
চিকিৎসকদের দীর্ঘদিনের ওষুধের প্রয়োজনীয়তা নিয়মিত পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়েছে। ঝুঁকি উপকারের চেয়ে বেশি হলে চিকিৎসকের তত্ত্বাবধানে ডোজ কমানো, পরিবর্তন বা বন্ধের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। রোগীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ বা ডোজ পরিবর্তন না করতে এবং নতুন উপসর্গে আরেকটি ওষুধ শুরুর আগে চিকিৎসকের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে।