রোহিঙ্গাদের ওপর গণহত্যা, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে মঙ্গলবার, ২৫ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর রোহিঙ্গা’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ থেকে শুরু হওয়া র্যালিটি শহীদ মিনারসংলগ্ন সড়কে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। অংশগ্রহণকারীরা রোহিঙ্গা গণহত্যা বন্ধ, ন্যায়বিচার এবং আরাকানের স্বাধীনতার দাবিতে স্লোগান দেন।
জাবি ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের জান্তা বাহিনীর নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। তিনি মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কার্যকর কূটনৈতিক উদ্যোগ এবং আগামী জাতিসংঘ সাধারণ অধিবেশনে সংকটটি জোরালোভাবে উত্থাপনের আহ্বান জানান।
জাকসুর জিএস মাজহারুল ইসলাম ও প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান জামি আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপের ঘাটতির সমালোচনা করেন। তারা দায়ীদের বিচার, রোহিঙ্গাদের নাগরিকত্ব, শিক্ষা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে তাদের নিজ ভূমিতে দ্রুত ফিরিয়ে নেওয়ার দাবি জানান।