বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলার রায় ২৮ জুলাই মঙ্গলবার দুপুরে ঘোষণার কথা রয়েছে। ঢাকার ২ নম্বর বিশেষ জজ আয়েশা নাসরিনের আদালতে রায় দেওয়ার কথা। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. দেওয়ান আশিক বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের অভিযোগ অনুযায়ী, আয়বহির্ভূত সম্পদের অভিযোগে এস কে সুরকে নিজের ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণী জমা দিতে নোটিস দেওয়া হয়। আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে ওই বিবরণী দাখিলের নির্দেশ ছিল। তবে নির্ধারিত সময় পার হলেও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি বলে অভিযোগে বলা হয়েছে।
এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন। ২০২৫ সালের ৪ আগস্ট উপপরিচালক মো. আহসান উদ্দিন চার্জশিট দাখিল করেন এবং ৬ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। সাতজন সাক্ষীর সবাই আদালতে সাক্ষ্য দিয়েছেন। দুদক ২০২৫ সালের ১৪ জানুয়ারি তাঁকে সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করে; এরপর থেকে তিনি কারাগারে আছেন।