প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবেশদূষণ রোধ, আবর্জনা অপসারণ, বায়ুর মান উন্নয়ন ও গাছ লাগানোর মাধ্যমে ঢাকা এবং সারা দেশকে জাপানের টোকিওর মতো পরিচ্ছন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। বুধবার জাপানের টোকিওর হোটেল নিউ ওতানিতে বাংলাদেশ কমিউনিটির আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাকে তিনি সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে উল্লেখ করেন।
তারেক রহমান বলেন, জমে থাকা আবর্জনা ও দূষিত বায়ুর কারণে মানুষ অসুস্থ হতে পারে; তাই জনস্বাস্থ্য রক্ষায় সঠিকভাবে বর্জ্য অপসারণ এবং পরিবেশ উন্নয়ন প্রয়োজন। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশসংক্রান্ত সংস্কারের সুফল রিকশাচালক, সিএনজিচালক, শ্রমজীবী, ধনী-গরিব, চিকিৎসক, আইনজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী ও শিক্ষকসহ সব শ্রেণি-পেশার মানুষ পাবেন বলেও তিনি জানান।
প্রধানমন্ত্রী বলেন, প্রান্তিক মানুষের উপকারে আসা সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে এবং এসব কাজে প্রবাসীদের সমর্থন চান তিনি। প্রশ্নোত্তরে তিনি জাপানি ভাষা শিক্ষা, শিশুদের বিকাশ, স্বাস্থ্যসেবা, খেলাধুলা, ব্যবসা সহজীকরণ, বন্ধ শিল্পকারখানা চালু, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরির পরিকল্পনা তুলে ধরেন। উপস্থিত প্রবাসীরা করতালির মাধ্যমে তাকে সমর্থন জানান।