পাকিস্তানের সিন্ধু প্রদেশের থরপারকার জেলায় একটি স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। স্বাস্থ্যকেন্দ্রের প্রাঙ্গণে পার্ক করে রাখা একটি অ্যাম্বুলেন্সে এ বিস্ফোরণ ঘটে। উদ্ধারকর্মীরা জানান, পিপলস প্রাইমারি হেলথকেয়ার ইনিশিয়েটিভ বা পিপিএইচআই পরিচালিত অ্যাম্বুলেন্সটিতে অক্সিজেন সিলিন্ডার পরিবর্তনের সময় আগুন লাগে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে পিপিএইচআইয়ের একজন ডিসপেনসার, অ্যাম্বুলেন্সচালক, একজন নিরাপত্তাকর্মী এবং আরেক কর্মী রয়েছেন। উদ্ধারকর্মীরা আগে জানিয়েছিলেন, নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী এবং তাঁর সঙ্গে থাকা দুজন ব্যক্তিও ছিলেন। পুলিশ জানায়, স্বাস্থ্যকেন্দ্রের দুই ধাত্রী ও একজন নারী সহকারী আহত হয়েছেন।
থরপারকারের সহকারী কমিশনার এরুম করিম নারেজো বলেন, স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণে পার্ক করা অ্যাম্বুলেন্সটিতেই বিস্ফোরণ ঘটে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার। আগুনের কারণ বা আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে সূত্রে আর কোনো তথ্য দেওয়া হয়নি।