কৃষি কীটনাশক উৎপাদনের কাঁচামাল আমদানি সহজ করা এবং নির্দিষ্ট দেশ বা উৎস থেকে আমদানির বাধ্যবাধকতা তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বা বামা। সংগঠনটির সভাপতি ও কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান এক বিবৃতিতে সিদ্ধান্তটিকে সময়োপযোগী ও কৃষিবান্ধব বলে উল্লেখ করেন। তাঁর মতে, এই পদক্ষেপ কৃষি খাত ও দেশের কৃষকদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।
মোস্তাফিজুর রহমান বলেন, আগে জটিল নীতিমালা এবং নির্দিষ্ট দেশ বা উৎস থেকে কাঁচামাল আমদানির শর্তের কারণে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে বাড়তি খরচ বহন করতে হতো। নতুন নীতিমালায় আন্তর্জাতিক বাজার থেকে প্রতিযোগিতামূলক দামে মানসম্মত কৃষি রাসায়নিক ও কাঁচামাল আমদানি সহজ হবে। গুণগত মান বজায় রেখে সুবিধাজনক যেকোনো দেশ থেকে কাঁচামাল সংগ্রহের সুযোগও পাবেন আমদানিকারকেরা।
বামার ভাষ্য অনুযায়ী, সিদ্ধান্তটি কৃষি খাত ও কৃষিভিত্তিক শিল্পের জন্য ইতিবাচক। নির্দিষ্ট কয়েকটি দেশের ওপর নির্ভরতার কারণে আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটলে আগে দেশে কীটনাশক ও অন্যান্য কৃষি রাসায়নিকের কৃত্রিম সংকট এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা দিত। উৎসদেশের বাধ্যবাধকতা প্রত্যাহারে মুক্তবাজারে প্রতিযোগিতা বাড়বে এবং সাশ্রয়ী আমদানি কৃষকের উৎপাদন খরচ কমাতে সহায়তা করবে।