কিশোরগঞ্জের হোসেনপুর থানার কনস্টেবল নজরুল ইসলাম (৫০) পলাতক এক আসামিকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা গেছেন। শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পদোরগাতি এলাকায় পুলিশের বহনকারী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন পুলিশ সদস্যসহ মোট পাঁচজন আহত হন।
গুরুতর আহত নজরুল ইসলামকে প্রথমে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে রোববার সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আহত অন্যরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।