ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর বৈশ্বিক আর্থিক বাজারে অস্থিরতা বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে, যেখানে গত দুই সপ্তাহে ২ ট্রিলিয়ন ডলারেরও বেশি বাজারমূল্য হারিয়ে গেছে। বৃহত্তম মার্কিন কোম্পানিগুলোর পারফরম্যান্স প্রতিফলিত করা সূচক এসঅ্যান্ডপি ৫০০ আবারও পতন হয়েছে, সর্বশেষ লেনদেনে ০.৬১ শতাংশ কমে ৬,৬৩২.১৯ পয়েন্টে বন্ধ হয়েছে—যা ২০২৬ সালের সর্বনিম্ন অবস্থান এবং সাম্প্রতিক সর্বোচ্চ থেকে প্রায় ৫ শতাংশ নিচে।
গত ২৭ ফেব্রুয়ারি সূচকটি ছিল ৬,৮৭৮.৮৮ পয়েন্টে, অর্থাৎ ইরানে হামলার আগের দিন থেকে এটি প্রায় ৩.৬ শতাংশ কমেছে। বিশ্লেষকদের মতে, এই পতনে এসঅ্যান্ডপি ৫০০–এর তালিকাভুক্ত কোম্পানিগুলোর মোট বাজারমূল্য থেকে প্রায় ২.২ ট্রিলিয়ন ডলার উধাও হয়েছে। ইরান যুদ্ধের অনিশ্চয়তা ও তেলের দাম বৃদ্ধির কারণে বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে, ফলে বিক্রির চাপ তৈরি হয়েছে।
এসঅ্যান্ডপি ৫০০ সূচকটি যুক্তরাষ্ট্রের অবসরভাতা ও বিনিয়োগ তহবিলের সঙ্গে যুক্ত থাকায় এই অস্থিরতা সাধারণ বিনিয়োগকারীদের ওপরও প্রভাব ফেলতে পারে।