নৃশংসভাবে নিহত শিশু রামিসার মা পারভীন আক্তারের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম। মঙ্গলবার সকালে পারভীন আক্তারকে রাজধানীর একটি বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে বুকে ব্যথা, ভার্টিগো ও পরিপাকতন্ত্রজনিত সমস্যায় ভুগছিলেন এবং মেয়ের মৃত্যুজনিত গভীর মানসিক আঘাতে তার শারীরিক অবস্থা আরও অবনতি হয়।
ডা. রফিকুল ইসলাম জানান, পারভীনের চিকিৎসার জন্য একটি সমন্বিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হবে, যেখানে মানসিক রোগ, হৃদরোগ, নিউরোলজি ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞরা থাকবেন। বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে। ইতোমধ্যে মানসিক রোগ বিশেষজ্ঞ ও সাইকোলজিস্টের তত্ত্বাবধানে তার কাউন্সেলিং শুরু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পারভীনের শারীরিক অবস্থা স্থিতিশীল। বিস্তারিত পরীক্ষার পর পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। পরিবার ও সংশ্লিষ্টরা আশা করছেন, সমন্বিত চিকিৎসার মাধ্যমে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।