ইরানের শহীদ নেতা ও তার পরিবারের জানাজা উপলক্ষে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এক বার্তায় বলেন, শহীদদের হত্যাকারীরা তাদের কর্মের শাস্তি পাবে এবং চূড়ান্ত প্রতিশোধের পদক্ষেপ পবিত্র কুদস মুক্তির মাধ্যমে বাস্তবায়িত হবে। তিনি জানান, রাজধানী তেহরানে শহীদ নেতার শেষ উপস্থিতির দিনটি ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে, যা জাতির ঐক্য ও ইসলামী চেতনা আরও দৃঢ় করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে প্রকাশিত বার্তায় গালিবাফ বলেন, গত ৪৭ বছর ধরে বিপ্লবের অগ্রসেনা হিসেবে থাকা ইরানি জনগণ গত চার মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী স্লোগান দিয়ে শহীদদের হত্যার প্রতিবাদ জানিয়ে আসছে। তিনি বলেন, ইরানের ভূমিতে আগ্রাসনকারীরা এবং শহীদদের হত্যাকারীরা তাদের কর্মের উপযুক্ত শাস্তি পাবে এবং জনগণের সমর্থনে ইসলামী প্রজাতন্ত্র ইরান স্থায়ী ও বিজয়ী থাকবে।
গালিবাফ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, তারা যেন জনগণের মর্যাদা রক্ষা, প্রতিরক্ষা ও কূটনীতি জোরদার এবং অর্থনৈতিক সমস্যার সমাধানে নিরলসভাবে কাজ করেন, শহীদ নেতা ও বর্তমান ধর্মীয় নেতার নির্দেশনা অনুসরণ করে।