পার্বত্য চট্টগ্রাম-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ, বাস্তবায়ন তদারকি এবং নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ের জন্য সরকার ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের গত বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, পুনর্গঠিত কমিটির সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ৯ জন মন্ত্রী ও উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিন পার্বত্য জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক এবং এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালক। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। ডিজিএফআইয়ের মহাপরিচালককে সদস্য-সচিব করা হয়েছে।
কমিটি পার্বত্য চট্টগ্রাম-সংক্রান্ত কার্যক্রমের আয়-ব্যয় ও বাস্তবায়ন পরিস্থিতি তদারকি করবে। পাশাপাশি ওই অঞ্চলে নিয়োজিত নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার কার্যপরিধি নির্ধারণ করবে এবং সার্বিক উন্নয়নে জাতীয় কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়নের পদক্ষেপ নেবে। প্রয়োজনে বিভিন্ন মন্ত্রণালয় ও বাহিনীর কর্মকর্তাদের সভায় আমন্ত্রণ জানানো যাবে। সশস্ত্র বাহিনী বিভাগ সচিবালয়ের দায়িত্ব পালন করবে।