সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘নাগরিক স্মরণসভা’ আয়োজন করা হবে। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী ৩০ ডিসেম্বর। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত শুক্রবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্মরণসভায় বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকদের অংশ নেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানকে অর্থবহ করতে খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব ও দেশ-জাতির প্রতি অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্মারকগ্রন্থের জন্য মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে। প্রতিটি লেখা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ শব্দের মধ্যে হতে হবে এবং ৩০ নভেম্বরের মধ্যে ই-মেইলে পাঠাতে বলা হয়েছে। তাঁর রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য ও জাতীয় জীবনে অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।