চট্টগ্রামের সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নে শুক্রবার রাতে তারাবির নামাজ চলাকালীন মসজিদের ভেতর থেকে ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে টেনে বের করে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জমির মাঝির মসজিদে এ ঘটনা ঘটে। আহত জিহাদ (২০) বাউরিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জাসিব, নিরব ও নাঈমসহ কয়েকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে জিহাদকে টেনে আঙিনায় নিয়ে গিয়ে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। উপস্থিত মুসল্লিরা বাধা দিতে না পেরে পিছু হটেন।
সহকর্মীদের অভিযোগ, সাম্প্রতিক নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করা এবং দলীয় আদর্শগত বিরোধের কারণে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় জিহাদকে উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসক জানান তার শরীরে গুরুতর জখম ও রক্তক্ষরণের চিহ্ন রয়েছে।
সন্দ্বীপ থানার ওসি জায়েদ নূর বলেন, পুলিশ ঘটনাটি জানার পর থেকেই তৎপর রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।