মার্কিন উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনতে সম্পূরক চুক্তি করেছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বুধবার চুক্তিটি সই হয়। এর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে বাংলাদেশ ও তুরস্কের বিমান কেনার চুক্তির দিনটিকে বোয়িংয়ের জন্য ঐতিহাসিক বলে উল্লেখ করেন।
চুক্তি অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ কিনবে। বৃহস্পতিবারের পোস্টে ট্রাম্প বলেন, বাংলাদেশ ও তুরস্ক মিলিয়ে ১১১টি বোয়িং বিমান কেনার ঘোষণা দিয়েছে এবং আরও ৫০টি বিমান কেনার বিকল্প সুযোগ রাখা হয়েছে। তিনি এ ক্ষেত্রে মার্কিন বাণিজ্য বিভাগ ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সহায়তার কথা উল্লেখ করেন।
ট্রাম্প এই বিক্রিকে হাজার হাজার কোটি ডলারের বড় বিক্রি ও বিপুল মার্কিন রপ্তানি হিসেবে বর্ণনা করেন। তাঁর মতে, এতে যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরিতে সহায়তা হবে। তিনি যুক্তরাষ্ট্রে উৎপাদন, দেশ থেকে রপ্তানি এবং মার্কিন শ্রমিকদের সমর্থনের নীতির প্রশংসা করেন এবং বোয়িং ও প্রতিষ্ঠানটির কর্মীদের অভিনন্দন জানান।