শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে রাজগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ে বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা আগুন দেয়। একই কার্যালয় থেকে মালিঝিকান্দা ও হাতিবান্দা ইউনিয়ন ভূমি কার্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়। স্থানীয়রা ভবন থেকে ধোঁয়া উঠতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার ২৫ নভেম্বর কাজ শেষে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে তালা দিয়ে চলে যান। দমকলকর্মীরা পৌঁছানোর আগেই ভেতরে রাখা ভূমিসংক্রান্ত অধিকাংশ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ভবনের একাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এবং পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার বর্ণ বলেন, বিআরএস রেকর্ডের কিছু বই ছাড়া সব নথিপত্র পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দা হারুন-অর-রসিদ ঘটনাটিকে নাশকতামূলক বলে উল্লেখ করে জমির কাগজ তুলতে হয়রানির আশঙ্কা করেন। পুলিশ সুপার জানান, ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।