বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাঁর দল নির্বাচিত হলে শিক্ষাব্যবস্থার সংস্কার ও সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতশিল্প পুনরুজ্জীবনে অগ্রাধিকার দেওয়া হবে। শনিবার সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে ১০ দলীয় নির্বাচনি ঐক্য জোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেলায় একটি মেডিকেল কলেজ থাকলেও উচ্চশিক্ষার জন্য কোনো বিশ্ববিদ্যালয় নেই।
তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা, যুবকদের কর্মসংস্থান এবং শিল্প ও কৃষির পুনরুত্থানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। নদীর নাব্যতা পুনরুদ্ধার ও নারীদের ঘর, কর্মক্ষেত্র এবং রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। যোগ্য নারীদের জন্য সম্মানজনক কাজের সুযোগ তৈরির কথাও বলেন তিনি।
ভোটারদের ‘হ্যাঁ’ ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, এতে অতীতের হত্যাকাণ্ডের বিচার ও জাতীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে। তিনি দুর্নীতিমুক্ত সরকার গঠন, বিচার বিভাগের স্বাধীনতা এবং ফ্যাসিবাদ ও চাঁদাবাজি নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করেন।