ইরান দাবি করেছে যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সামরিক নিয়ন্ত্রণে রয়েছে। হরমুজ দ্বীপের দক্ষিণের ‘রেড বিচ’ এলাকা থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংকীর্ণ সমুদ্রপথ দিয়ে যেকোনো ধরনের যাতায়াতের জন্য ইরানের সামরিক বাহিনী ও আইআরজিসির সঙ্গে সমন্বয় করতে হবে।
আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, তারা প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের পরিধি আরও বাড়াচ্ছে। ইরান ঘোষণা করেছে, কোনো সামরিক বা যুদ্ধজাহাজকে এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। তবে বন্ধুভাবাপন্ন দেশগুলোর জাহাজ চলাচল করতে পারবে, কিন্তু শত্রুভাবাপন্ন দেশগুলোর জাহাজকে পার হতে দেওয়া হবে না। গত কয়েক দিনে প্রায় ৩০ থেকে ৪০টি জাহাজ প্রণালি অতিক্রম করেছে, যার বেশিরভাগই চীনা কোম্পানির মালিকানাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো জাহাজ চলাচলের তথ্য পাওয়া যায়নি।
এই ঘোষণা ইঙ্গিত দেয় যে ইরান হরমুজ প্রণালির ওপর তার নিয়ন্ত্রণ আরও জোরদার করতে চায়, যা আঞ্চলিক নৌ চলাচল ও নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে।