ইরানকে দমিয়ে রাখতে ট্রাম্প প্রশাসন একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে এবং নৌ অবরোধ বজায় রাখছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক লুসিয়ানো জাকারা বলেন, মধ্যস্থতাকারীদের অব্যাহত প্রচেষ্টা সত্ত্বেও ইরান ও যুক্তরাষ্ট্রের কেউই আলোচনার টেবিলে ফিরতে আগ্রহী বলে মনে হচ্ছে না।
আল জাজিরাকে জাকারা বলেন, উভয় পক্ষই বলছে আক্রান্ত হলে তারা পাল্টা ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকবে না। তাঁর মতে, এতে পাল্টাপাল্টি উত্তেজনার এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যার শেষ দেখা যাচ্ছে না। পরিস্থিতি শান্ত বা শিথিল করতে পারে এমন পদক্ষেপ নিয়ে নতুন করে আলোচনা করতে বসতেও দুই পক্ষ অনিচ্ছুক বলে তিনি উল্লেখ করেন।
জাকারার ভাষ্য, প্রেসিডেন্ট ট্রাম্প যা অর্জন করতে চাইছেন, তার জন্য ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ যথেষ্ট নাও হতে পারে। যুক্তরাষ্ট্র অর্থনৈতিক শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে ইরানের অর্থনীতিকে শ্বাসরুদ্ধ করার আশা করছে বলেও তিনি বলেন। জাহাজ ও তেল স্থাপনায় সরাসরি হামলাকে চাপ প্রয়োগের আরেকটি কৌশল হিসেবে দেখা হচ্ছে।