ইসরাইলি উগ্র ডানপন্থী বসতি স্থাপনকারীদের একটি অংশ “উরিৎসাফোন” বা “অ্যাওয়েক, নর্থ উইন্ড” নামে নতুন আন্দোলন শুরু করেছে, যার লক্ষ্য দক্ষিণ লেবাননে ইহুদি বসতি স্থাপন। অধিকৃত পশ্চিম তীরের কারনেই শোমরন বসতির গবেষক জীববিজ্ঞানী স্লাউটস্কিন ২০২৪ সালে এ আন্দোলনের সহ-প্রতিষ্ঠা করেন। তিনি জানান, আন্দোলনের সমর্থন ক্রমেই বাড়ছে এবং এর উদ্দেশ্য ইসরাইলের উত্তর সীমান্ত লিতানি নদী পর্যন্ত বিস্তৃত করা, যা লেবাননের প্রায় ৩০ কিলোমিটার ভেতরে। স্লাউটস্কিনের দাবি, দক্ষিণ লেবাননে স্থায়ী ইসরাইলি উপস্থিতি ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করবে।
ইসরাইল সরকার এখনো প্রকাশ্যে এই পরিকল্পনাকে সমর্থন করেনি, যদিও পশ্চিম তীরে বসতি সম্প্রসারণে অনুমোদন দিয়েছে। আন্দোলনের সদস্যরা দাবি করেন, কিছু সংসদ সদস্য ও মন্ত্রী গোপনে তাদের সমর্থন করছেন। তারা সীমান্ত এলাকায় বৃক্ষরোপণসহ বিভিন্ন কার্যক্রম চালিয়েছে, যা ইসরাইলি সেনাবাহিনী অবৈধ ও ঝুঁকিপূর্ণ বলে নিন্দা জানিয়েছে।
বর্তমানে এই আন্দোলন ইসরাইলের অতিউগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ, তবে নেতারা বিশ্বাস করেন, সময়ের সঙ্গে এটি মূলধারায় প্রবেশ করতে পারে।