বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরকারি ডিপো থেকে জ্বালানি তেল বিপণনের নতুন সময়সূচি ঘোষণা করেছে। শনিবার বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশব্যাপী নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, প্রধান ডিপো থেকে জ্বালানি সরবরাহ সকাল ৭টায় শুরু হয়ে বিকাল ৩টায় শেষ হবে। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তেল নেওয়ার সুযোগ ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের ফিলিং স্টেশন, প্যাকড পয়েন্ট ডিলার ও পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালিত হবে।
নতুন সময়সূচি কার্যকর হলে সরবরাহ ব্যবস্থার দক্ষতা বাড়বে এবং জ্বালানি ঘাটতির ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।