ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ডানপন্থি টেলিভিশন চ্যানেল ১৪ যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর হঠাৎই ট্রাম্পবিরোধী অবস্থান নিয়েছে। একসময় ট্রাম্পের একনিষ্ঠ সমর্থক এই চ্যানেলের উপস্থাপক ও বিশ্লেষকেরা এখন মার্কিন প্রেসিডেন্ট ও তার উপদেষ্টাদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করেছেন। তারা অভিযোগ করছেন, এই চুক্তিতে ইসরাইলের নিরাপত্তা উপেক্ষা করা হয়েছে। ফলে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।
নেতানিয়াহুর কট্টর সরকার ট্রাম্পকে ক্ষুব্ধ করার আশঙ্কায় প্রকাশ্যে কোনো সমালোচনা না করলেও বিশ্লেষকদের ধারণা, চ্যানেল ১৪-এর এই আক্রমণ নেতানিয়াহুকে কূটনৈতিক দায় থেকে রক্ষা করার কৌশল। উপস্থাপক ইয়িনন মাগাল, ইয়াকভ বারদুগো ও শিমন রিকলিনের মন্তব্যে তীব্র ভাষা ব্যবহারের কারণে অ্যান্টি-ডিফেমেশন লিগ (এডিএল) নিন্দা জানিয়েছে। চ্যানেলের মুখপাত্র ওমের মেইরি দাবি করেছেন, প্রতিষ্ঠানটি স্বাধীনভাবে পরিচালিত হয় এবং মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখে।
চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহু সংযত প্রতিক্রিয়া দেখান এবং বলেন, তিনি ও ট্রাম্প প্রায়শই একমত হলেও মাঝে মাঝে মতভেদ হয়। এদিকে চ্যানেল ১৪ তাদের ওয়েবসাইটে আক্রমণাত্মক ভিডিও ও বক্তব্য প্রচার অব্যাহত রেখেছে।