জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভারত থেকে আসা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের সোমনাথপাড়া এলাকায় ঘটে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে লাকড়ি সংগ্রহের জন্য তিনি বাড়ি থেকে বের হন, কিন্তু সন্ধ্যায় আর ফেরেননি। রাতভর খোঁজাখুঁজির পর শনিবার সকালে পাহাড়ের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল জানান, ভারত থেকে কাঁটাতার পেরিয়ে আসা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির চলাচল ও মানুষের প্রাণহানির ঝুঁকি আবারও এই ঘটনায় সামনে এসেছে।