মানব পাচার ও অবৈধ অভিবাসনের শিকার বাংলাদেশি নাগরিকদের বিদেশ থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া আরও কার্যকর ও সমন্বিত করতে রোববার রিপ্যাট্রিয়েশন ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম বা আরডিএমএস চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানীর একটি হোটেলে মন্ত্রণালয় ও জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্মটি তৈরি করেছে এবং এর উন্নয়ন ও আপগ্রেডেশনে সহায়তা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এই ব্যবস্থায় প্রত্যাবাসন-সংক্রান্ত মামলার তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা, সরকারি সংস্থাগুলোর সমন্বয় বৃদ্ধি, জাতীয়তা ও পুলিশ রেকর্ড যাচাই দ্রুত করা এবং রিয়েল-টাইমে অগ্রগতি পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরি সম্ভব হবে।
ড. জিয়াউদ্দিন আহমেদ বলেন, ফেরত আসা ব্যক্তি ও সারভাইভারদের পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণে প্ল্যাটফর্মটি ইতোমধ্যে জাতীয় পরিচয়পত্র ডাটাবেজের সঙ্গে যুক্ত হয়েছে। শিশুদের নিখুঁতভাবে শনাক্ত করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং পাসপোর্ট সেবার সঙ্গে এটি সমন্বয়ের কাজ চলমান রয়েছে। আরডিএমএসে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য নিরাপদে সংরক্ষণকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং বিদেশে বাংলাদেশি মিশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো আরও নির্ধারিত পদ্ধতিতে প্রত্যাবাসনের আবেদন করতে পারবে।