দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামি প্রজাতন্ত্রের নেতৃত্ব ভেঙে পড়লে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে ক্ষমতায় আনার পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইল। প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে ইসরাইলি হামলায় ইরানের শীর্ষ নেতারা নিহত হলে দেশের ভেতর থেকেই নতুন নেতৃত্ব উঠে আসতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকর্তারা নির্দিষ্টভাবে আহমাদিনেজাদের নাম বিবেচনা করেছিলেন। একসময় কট্টর অবস্থান ও যুক্তরাষ্ট্রবিরোধী বক্তব্যের জন্য পরিচিত এই সাবেক প্রেসিডেন্টকে যুদ্ধ-পরবর্তী ইরানের সম্ভাব্য নেতা হিসেবে দেখা হচ্ছিল। পরিকল্পনাটি মূলত ইসরাইল তৈরি করেছিল এবং আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগও করা হয়েছিল। তবে যুদ্ধের প্রথম দিন তেহরানে তার বাড়িতে ইসরাইলি হামলার পর তিনি হতাশ হয়ে পড়েন।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানে সরকার পরিবর্তনের বৃহত্তর পরিকল্পনাটি দ্রুত ভেঙে পড়ে এবং বাস্তবায়নের আগেই অকার্যকর হয়ে যায়।