নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর গ্রামের বেদে পল্লীতে সরকারি জমি দখল করে গড়ে ওঠা বিলাসবহুল মাদক আস্তানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ বিভাগের খাস জমিতে নির্মিত স্থাপনাটি বুলডোজার দিয়ে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়।
স্থানীয়দের অভিযোগ, ববিতা আক্তার সুমাইয়া নামে এক নারী দীর্ঘদিন ধরে ওই স্থানে মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসন ব্যবস্থা নেয়। এর আগে রোববার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে সিসিটিভি ক্যামেরা, এসির রিমোট ও মাদকসামগ্রী জব্দ করে, তবে মূল অভিযুক্ত পালিয়ে যায়।
প্রশাসন জানিয়েছে, সরকারি জমি দখল ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকাবাসী ববিতা ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।