ডেঙ্গু, হামসহ জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় চিকিৎসা ও মশক নিধনের পাশাপাশি পরিকল্পিত নগরায়নকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি জনস্বাস্থ্য সুরক্ষায় নগর পরিকল্পনার ভূমিকা নিয়ে ১০ দফা প্রস্তাব তুলে ধরে।
বিআইপির সভাপতি ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, বাংলাদেশের শহরগুলোতে ডেঙ্গু, হাম, জলাবদ্ধতা, বায়ুদূষণ, নগর তাপদাহ ও অনিরাপদ পানির সংকট বাড়ছে। তাঁর মতে, নির্মাণাধীন ভবন, বেজমেন্ট, লিফটের গর্ত ও ছাদে জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র হতে পারে। এ জন্য ভবন নির্মাণ ও অনুমোদন প্রক্রিয়ায় পানি জমা প্রতিরোধ এবং নিয়মিত লার্ভা পরিদর্শনের ব্যবস্থা প্রয়োজন।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে সুনির্দিষ্ট ভূমি ব্যবহার ও জোনিং, জলাশয় ও বন্যাপ্রবাহ অঞ্চল সংরক্ষণ, বড় প্রকল্পে স্বাস্থ্য প্রভাব মূল্যায়ন এবং ড্রেনেজ, পানি ও স্যানিটেশনের সমন্বিত পরিকল্পনা। বিআইপি জিআইএসের মাধ্যমে রোগ, টিকাদান কভারেজ, জনঘনত্ব ও অন্যান্য ঝুঁকির তথ্য বিশ্লেষণ, নিম্ন আয়ের বসতিতে সেবা সম্প্রসারণ, জবাবদিহিমূলক বাস্তবায়ন, সবুজ-নীল অবকাঠামো এবং ঝুঁকিপূর্ণ এলাকায় স্থায়ী ও ভ্রাম্যমাণ টিকাদান কার্যক্রমেরও আহ্বান জানিয়েছে।