বিএনপি সরকারের প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটকে দেশের পুঁজিবাজারের জন্য ইতিবাচক হিসেবে আখ্যা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজারের উন্নয়ন, আধুনিকায়ন ও স্থিতিশীলতায় সরকারের সক্রিয় আগ্রহ সাম্প্রতিক নীতিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে প্রতিফলিত হয়েছে।
তিনি উল্লেখ করেন, প্রথমবারের মতো পুঁজিবাজার-বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ এবং অর্থমন্ত্রীর বক্তব্যে পুঁজিবাজারে বিশেষ গুরুত্বারোপ বাজার-সংশ্লিষ্টদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। বাজেটে নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি। ডিএসই এনআইটিএ হিসাব পরিচালনা সহজ করার উদ্যোগকে স্বাগত জানিয়ে জানায়, টি+২ থেকে টি+১ এবং পর্যায়ক্রমে টি+০ সেটেলমেন্ট ব্যবস্থায় রূপান্তর বাজারকে আরও দ্রুত ও নিরাপদ করবে।
ডিএসইর মতে, এসব পদক্ষেপ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, বাজারের গভীরতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আধুনিক, স্বচ্ছ ও টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে সহায়ক হবে।