ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইরাক সীমান্তবর্তী এলাকায় ‘সন্ত্রাসী তৎপরতা’ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। একই সঙ্গে উত্তর-পশ্চিম ইরানে কুর্দি–ইরানি মিলিশিয়াদের একটি স্থল অভিযান শুরু হয়েছে বলে দাবি উঠেছে, যদিও কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।
আরাগচি প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তানের নেতা বাফেল তালাবানির সঙ্গে কথা বলেছেন। জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি তালাবানির সঙ্গে কথা বলেছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রাভিদ জানিয়েছেন, এক মার্কিন কর্মকর্তা তাকে বলেছেন যে কুর্দি–ইরানি মিলিশিয়ারা উত্তর-পশ্চিম ইরানে স্থল অভিযান শুরু করেছে। তবে আলজাজিরা এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
যদিও আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি, ইরানের পশ্চিমাঞ্চলে সম্ভাব্য সামরিক তৎপরতার ইঙ্গিত ক্রমেই বাড়ছে বলে জানা গেছে।