দেশের ৯টি জেলায় ১৯টি জ্বালানি তেলের ডিপোতে অননুমোদিত মজুত রোধ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও দাম বৃদ্ধি পাওয়ায় দেশে অননুমোদিতভাবে তেল মজুতের চেষ্টা দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা ও সরবরাহ নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে মোতায়েন কার্যক্রম একটি পরিকল্পিত কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে। দূরবর্তী এলাকায় দায়িত্ব পালনের সুবিধার্থে নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ জেলায় এসব ডিপো অবস্থিত।