কাজের উদ্দেশ্যে রাশিয়ায় যাওয়া বাংলাদেশিদের কেউ কেউ পরে যুদ্ধ-সংশ্লিষ্ট সামরিক সেবায় আটকে পড়েছেন বলে আমার দেশকে জানিয়েছেন টাঙ্গাইলের তরুণ রাজন হোসাইন। তিনি বলেন, নিজের ইচ্ছায় রাশিয়ায় গেলেও পরে পরিস্থিতির শিকার হয়ে যুদ্ধে জড়িয়ে পড়েন এবং এটিকে জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত মনে করেন।
রাজনের ভাষ্য, রুশ ভাষায় লেখা নথিতে স্বাক্ষর করায় তিনি শর্তগুলো পুরোপুরি বুঝতে পারেননি। রুশ ভাষা না জানায় সামরিক পরিবেশে যোগাযোগও কঠিন হয়ে পড়ে। তিনি জানান, তার তিন মাসের বেতন বকেয়া রয়েছে। যুদ্ধক্ষেত্রে প্রতিদিন নিরাপত্তাহীনতা, পরিবারকে নিয়ে উদ্বেগ ও অজানা আতঙ্কের মধ্যে থাকতে হয় বলেও তিনি বলেন। সেখানে কলম্বিয়া, ইন্দোনেশিয়া, পেরু, জিম্বাবুয়ে, শাদ ও কিউবার মানুষ দেখেছেন তিনি।
রাজন জানান, সিলেটের আবু সালেহ নিখোঁজ এবং বিক্রমপুরের আহমেদ সাকিব নিহত হয়েছেন; আরও অনেকে নিখোঁজ বা হতাহত হয়েছেন বলে তিনি শুনেছেন। চুক্তি, সামরিক নিয়ম ও কাগজপত্রের কারণে সেখান থেকে ফেরা অত্যন্ত জটিল বলেও তিনি জানান। তার ভাই রাজিব হোসাইন বলেন, চুক্তিতে স্বাক্ষরের পর ফেরা সম্ভব নয় বলে তারা জেনেছেন এবং পরিবার রাজনকে নিয়ে গভীর উদ্বেগে আছে।