ঈদুল ফিতরের আগেই দেশের ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী প্রদানের পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১২ মার্চ এক বার্তায় এ তথ্য জানায়।
একই সঙ্গে ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধবিহার ও ৩৯৬টি গির্জার ধর্মীয় নেতারাও এই সম্মানী পাবেন। পাইলট প্রকল্পে প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে—ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার ও খাদেম ২ হাজার টাকা করে পাবেন। মন্দির, বিহার ও চার্চের জন্য ৮ হাজার টাকা বরাদ্দ থাকবে, যা সংশ্লিষ্ট ধর্মীয় নেতাদের মধ্যে ভাগ হবে। এছাড়া ঈদ, দুর্গাপূজা, বৌদ্ধপূর্ণিমা ও বড়দিনে বোনাস দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
চার ধাপে বাস্তবায়িত এই কর্মসূচির প্রথম ধাপে ২০২৬–২৭ অর্থবছরে প্রয়োজন হবে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা, যা ২০২৯–৩০ অর্থবছরে পূর্ণ বাস্তবায়নে ৪ হাজার ৪০০ কোটিতে পৌঁছাবে।