ইতালির জ্বালানি কোম্পানি এনি ইন্দোনেশিয়ার উপকূলে বড় প্রাকৃতিক গ্যাসের নতুন মজুত আবিষ্কারের ঘোষণা দিয়েছে। সরকার জানিয়েছে, এই আবিষ্কারের ফলে ইউরোপীয় কোম্পানিটি ২০২৮ সালের মধ্যে দেশটিতে উৎপাদন তিনগুণ বাড়াতে পারবে। পূর্ব কালিমান্তান প্রদেশের উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে পাওয়া এই মজুতে প্রাথমিক হিসাবে প্রায় ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস ও ৩০ কোটি ব্যারেল কনডেনসেট রয়েছে। কোম্পানির মতে, এই আবিষ্কার দেশীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য নতুন সরবরাহের পথ খুলে দেবে।
জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বাহলিল লাহাদালিয়া একে বিশাল আবিষ্কার হিসেবে উল্লেখ করে বলেন, ২০২৮ সালের মধ্যে দৈনিক ৯০ হাজার ব্যারেল কনডেনসেট উৎপাদন সম্ভব হবে, যা ২০২৯–২০৩০ সালে দেড় লাখ ব্যারেলে পৌঁছাতে পারে। সরকার আশা করছে, এতে তেল আমদানি কমবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি দামের ঊর্ধ্বগতির প্রভাবেও ইন্দোনেশিয়া পড়েছে।
সম্প্রতি প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্ত রাশিয়া ও ফ্রান্স সফর করে তেল সরবরাহ ও নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতা বিষয়ে আলোচনা করেছেন, যা দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদারে সহায়ক হতে পারে।