বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, সামাজিক সুরক্ষা খাতে চীন ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। সোমবার সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি জানান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচনে কাজের মাধ্যমে চীন বাংলাদেশের স্থানীয় জনগণের টেকসই স্বনির্ভরতা গড়ে তুলতে চায়।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশংসা করে বলেন, এটি নিম্নআয়ের মানুষের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। তিনি জানান, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক সুরক্ষা খাতেও চীন সহযোগিতা বাড়াতে আগ্রহী। মন্ত্রী জাহিদ হোসেন বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং প্রযুক্তিগতভাবে অগ্রসর দেশ। তিনি ফ্যামিলি কার্ডকে একটি ডেটাবেজভিত্তিক ডিজিটাল সামাজিক সুরক্ষা প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।
বৈঠকে উভয় পক্ষ বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, চীনের অভিজ্ঞতা বাংলাদেশের ফ্যামিলি কার্ড কর্মসূচিকে স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর সামাজিক সুরক্ষা ব্যবস্থায় রূপ দিতে সহায়ক হতে পারে।