প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বার্তার মাধ্যমে বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থাশীল ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার। তিনি চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস ২০২৬ উপলক্ষে শাংগ্রি-লা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো বৈশ্বিক সম্মেলনে সরকারপ্রধান হিসেবে অংশ নিচ্ছেন।
মাহদী আমিন জানান, বাংলাদেশের অংশগ্রহণের মূল লক্ষ্য হলো বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন ও জলবায়ু সহনশীলতাকে আন্তর্জাতিক অংশীদারিত্বের সঙ্গে যুক্ত করা। তিনি জানান, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আলোইস জভিংগি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী ‘ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ সেশনে সরকারের জলবায়ু কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ সৃষ্টি করছে, যা দেশের সক্ষমতা আরও বৃদ্ধি করবে।