ভারতে বিজেপির শাসনামলে গত এক দশকে রাজ্য বিধানসভাগুলোতে মুসলিম প্রতিনিধিত্ব উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালে দেশজুড়ে মুসলিম বিধায়কের সংখ্যা ছিল প্রায় ৩৩৯ জন, যা বর্তমানে কমে দাঁড়িয়েছে প্রায় ২৫৫ জনে। উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার ও রাজস্থানের মতো বড় রাজ্যগুলোতে এই পতন সবচেয়ে বেশি। উত্তর প্রদেশে মুসলিম জনসংখ্যা প্রায় ১৯ শতাংশ হলেও ৪০৩ সদস্যের বিধানসভায় মুসলিম বিধায়ক রয়েছেন মাত্র ৩১ জন, আগে এ সংখ্যা ছিল ৬৩।
বিশ্লেষকদের মতে, ২০১৪ সালের পর বিজেপির উত্থান এবং নির্বাচনি কৌশলের পরিবর্তনের ফলে মুসলিম প্রতিনিধিত্বে এই পতন ঘটেছে। বিরোধী দলগুলোও এখন জাতিগত ও সামাজিক সমীকরণকে গুরুত্ব দিয়ে প্রার্থী বাছাই করছে, যার প্রভাব পড়ছে মুসলিম প্রার্থীদের ওপর। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক নির্বাচনে পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপি কোনো মুসলিম প্রার্থী দেয়নি, যদিও ২০২১ সালে দিয়েছিল। আসামে মুসলিম প্রার্থীদের পরাজয়ের পর দলটি সেখানে সংখ্যালঘু সেলও বিলুপ্ত করে।
বর্তমানে সাতটি রাজ্যে কোনো মুসলিম বিধায়ক নেই, তবে তামিলনাড়ু, মধ্যপ্রদেশ ও মেঘালয়ে সামান্য বৃদ্ধি দেখা গেছে।