রাজধানীর শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান মুফতি আল্লামা মিযানুর রহমান সাঈদ কওমি মাদরাসার সিলেবাসে যুগোপযোগী সংস্কারের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, মৌলিক কিতাব অপরিবর্তিত রেখে আনুষঙ্গিক কিতাব পর্যালোচনা করা এবং ঈমান-আকিদা বিষয়ে নতুন বই যুক্ত করা প্রয়োজন। সমসাময়িক প্রশ্ন ও জটিলতার যথাযথ জবাব দিতে শিক্ষার্থীদের প্রস্তুত করার কথা বলেন তিনি।
তিনি বলেন, কওমি নেসাবের প্রতিটি জামাতের মৌলিক কিতাব শিক্ষার্থীদের যোগ্যতা অর্জনের মূল ভিত্তি; তাই সেগুলো পরিবর্তনের সুযোগ নেই। তাঁর মতে, এসব কিতাবে পরিবর্তন এলে প্রকৃত ইলম অর্জন ব্যাহত হবে। তবে গভীর গবেষণার মাধ্যমে সময়ের চাহিদার সঙ্গে মিল রেখে সহায়ক ও আনুষঙ্গিক বইয়ে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করা যেতে পারে।
বাতিল মতবাদ ও নাস্তিক্যবাদের বুদ্ধিভিত্তিক মোকাবিলায় আধুনিক আলেমদের লেখা বই অন্তর্ভুক্তির ওপর জোর দেন তিনি। আকিদা ও সিরাত বিষয়ে বর্তমানে বই কম থাকার কথা উল্লেখ করে তিনি আরও পাঠ্যবই যোগের আহ্বান জানান। পাশাপাশি সিলেবাসে থাকা ছোট হাদিসের কিতাবগুলো শিক্ষার্থীদের গুরুত্বসহকারে হিফজ করানোর পরামর্শ দেন তিনি।