প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পেশাগত সক্ষমতা ও উৎকর্ষ বাড়াতে উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি এবং কোর্স বিনিময় জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের সঙ্গে সৌদি আরবের শীর্ষ সামরিক একাডেমিগুলোর সহযোগিতা বৃদ্ধির বিষয়টি আলোচনায় আসে। প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি মানবিক সংকট মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিনিময়ে উভয় পক্ষ দৃঢ় প্রত্যয় জানায়। উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নিয়মিত সফর বিনিময়ের মাধ্যমে কৌশলগত ও সামরিক অংশীদারিত্ব নতুন উচ্চতায় নেওয়ার আশাবাদও ব্যক্ত করা হয়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।