বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনগুলো যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন করেছে। ১৯৮১ সালের ৩০ মে নিহত এই নেতার স্মরণে বিএনপি আট দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
আলোচনা সভা, দোয়া মাহফিল এবং খাদ্য ও বস্ত্র বিতরণের মাধ্যমে দিনটি পালন করা হয়। সারা দেশের মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর দুই সিটি কর্পোরেশনের ১৬টি স্থানে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেন। মানিক মিয়া এভিনিউয়ের টি অ্যান্ড টি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন।
পরে তিনি শ্যামলী স্কয়ার, সরকারি বাংলা কলেজ এলাকা, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোডসহ বিভিন্ন স্থানে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত পৃথক কর্মসূচিতেও তিনি অংশ নেন।