কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী অভিযানের সময় ভিডিও ধারণ করায় এক সাংবাদিককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ১৫ ফেব্রুয়ারি রাতে, যখন এসআই অলোক রায়ের নেতৃত্বে পুলিশ পৌরসভার বিএসসি মোড় এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়। দৈনিক গণকণ্ঠ-এর নাগেশ্বরী প্রতিনিধি মুতাসিম বিল্লাহ তানিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সোমবার রাতে নাগেশ্বরী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
থানা সূত্রে জানা যায়, পুলিশ প্রায় আধা ঘণ্টা অপেক্ষার পর তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে তিনজনকে আটক করে। সেখানে গাঁজা, মদের বোতল, ইয়াবা ও হেরোইন সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের সময় বাড়ির কথিত মালিক মোসলেম উদ্দিন সাংবাদিক তানিমকে ভিডিও ধারণে বাধা দেন এবং প্রাণনাশের হুমকি দেন।
এ ঘটনায় নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, তারা মাদকের বিপক্ষে। কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বাবুল জামান হুমকির নিন্দা জানিয়ে দ্রুত গ্রেপ্তারের দাবি করেন। থানার ওসি আব্দুল্লা হিল জামান জানান, তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।