Web Analytics
এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এহসানুল কবিরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে বলা হয়েছে, তারা পরিচালনা বোর্ডের পূর্বানুমোদন ছাড়াই অবৈধভাবে পাঁচজন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি করেছেন। রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদক জানায়, অধ্যাপক ডা. এহসানুল কবির অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে অবৈধ নিয়োগের নির্দেশ দেন। এতে ইডিসিএলের ৩৬ লাখ ১৪ হাজার ৯৪৩ টাকার আর্থিক ক্ষতি হয়। মামলাটি দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় দায়ের করা হয়েছে।

অন্য আসামিরা হলেন সাবেক অর্থ পরিচালক ও কোম্পানি সচিব মুহাম্মদ খুরশিদ আলম, সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ জহির উদ্দিন জামাল, সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. শওকত আলী ও এ. কাইয়ুম খান এবং সাবেক ব্যবস্থাপক বিকাশ কুমার সরকার।

Card image

Related Videos

logo
No data found yet!