উত্তর কোরিয়া বৃহস্পতিবার জাপান সাগরে প্রায় এক ডজন স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ। দেশটির পূর্ব উপকূলের ওনসান এলাকা থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। জাপান কোস্ট গার্ডও উৎক্ষেপণের তথ্য নিশ্চিত করে বলেছে, একটি ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে সাগরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
সম্ভাব্য নতুন উৎক্ষেপণের আশঙ্কায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী নজরদারি ও সতর্কতা জোরদার করেছে। দুই কোরিয়ার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হওয়ার পর বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই এ উৎক্ষেপণ ঘটল। দক্ষিণ কোরিয়া ও জাতিসংঘের যৌথ তদন্তের দাবি, উত্তর কোরিয়া এক বছরেরও বেশি আগে ওই স্থলমাইন পুঁতেছিল।
সিউল ওই ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে পিয়ংইয়ংকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। গত সপ্তাহে সীমান্তের সুনির্দিষ্ট অবস্থান নির্ধারণ এবং যোগাযোগব্যবস্থা পুনরায় চালুর জন্য সামরিক আলোচনার প্রস্তাব দিলেও উত্তর কোরিয়া সাড়া দেয়নি। ১৯৫৩ সালের যুদ্ধবিরতির পরও দুই দেশ আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থার অবসান ঘটায়নি।