প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর সরকার রাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায়। মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডকে ভয় নয়, বিশ্বাসের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। তিনি করদাতাদের প্রত্যাশা পূরণে দক্ষ ও টেকসই রাজস্ব ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার শুধু বৈদেশিক সহায়তার ওপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপানোর নীতির বিরোধী। অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র ও উৎস বাড়াতে গণমুখী উৎপাদন নীতি নেওয়া হয়েছে বলে তিনি জানান। তাঁর মতে, এতে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন, মানুষের আয় ও কর্মসংস্থান বাড়বে এবং সরকারি সেবা উন্নত হবে।
তিনি বলেন, কর-জিডিপি অনুপাত সক্ষমতার তুলনায় কম, করভিত্তি সংকীর্ণ এবং অর্থনীতির বড় অংশ অনানুষ্ঠানিক। কর প্রদান সহজ, অনলাইনভিত্তিক, দুর্নীতি ও হয়রানিমুক্ত করার পাশাপাশি ডাটাভিত্তিক আধুনিক কর প্রশাসন গড়ার আহ্বান জানান তিনি। ডিজিটাল অর্থনীতি, ই-কমার্স, আন্তর্জাতিক কর, অর্থ পাচার, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা অ্যানালিটিক্স বিষয়ে রাজস্ব কর্মকর্তাদের দক্ষতার প্রয়োজনীয়তাও তুলে ধরেন।