শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ২০১৭ সালে শুরু হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সাড়ে পাঁচ বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে প্রায় এক দশক হতে চলেছে। প্রকল্পের মেয়াদ তিন দফা বাড়ানোর পরও আবাসিক হল, একাডেমিক ভবন ও শিক্ষক কোয়ার্টারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার নির্মাণকাজ অসম্পূর্ণ রয়েছে।
প্রকল্পটি প্রথমে ৩৬৩ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে অনুমোদিত হয় এবং ২০১৯ সালে সংশোধিত বরাদ্দ হিসেবে ৫১০ কোটি ৯৯ লাখ টাকা অনুমোদন পায়। এর আওতায় অপরাজিতা হল, বিজয়-৭১ হল, ১০ তলা শিক্ষক কোয়ার্টার, ২০ তলা একাডেমিক ভবন, ড্রেন ও শেখ রাসেল মডেল স্কুল নির্মাণের পরিকল্পনা ছিল। শেখ রাসেল মডেল স্কুল এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সংস্কারকাজ শেষ হয়েছে।
বিজয়-৭১ হলের প্রায় ৯৬ শতাংশ কাজ শেষ; প্রয়োজনীয় অনুমোদন মিললে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এটি বুঝিয়ে দেওয়া সম্ভব বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অপরাজিতা হল ও শিক্ষক কোয়ার্টারের প্রায় ৭০ শতাংশ এবং ২০ তলা একাডেমিক ভবনের ৫০ থেকে ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। প্রাক্কলন ও নকশার ত্রুটি, অনুমোদনে বিলম্ব, করোনা মহামারি, ধীর নির্মাণকাজ এবং প্রাণহানির ঘটনাকে বিলম্বের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।