চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ১৩তম দিনে গড়িয়েছে। রোববার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও পূর্ণ কর্মবিরতি অব্যাহত রেখে উপাচার্য ভবনের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। উপাচার্য ভবনসহ সব একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা থাকায় শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত তাঁরা কর্মসূচি থেকে সরে আসবেন না। রোববার দুপুরে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেন, তবে কোনো বিক্ষোভ মিছিল করেননি। উপাচার্যের কক্ষের দরজায় তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা লিখেছেন, ‘এই তালা শুধু সায়েম স্যার খুলতে পারবেন।’
সহকারী অধ্যাপক সামিউন বাসির বলেন, শনিবার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির প্রতিনিধিদের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর ৫৬ দিনের মাথায় সায়েমকে দায়িত্ব থেকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য করা হয়। নিয়োগের ১৩ দিনেও তিনি ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি।