জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের উদ্যোগে শুক্রবার, ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হয়েছে ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ আয়োজনে ২৫টির বেশি শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান অংশ নেয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোতে ৭০০টির বেশি চাকরির সুযোগ ছিল। বর্তমান শিক্ষার্থী ও সদ্য স্নাতক সম্পন্ন তরুণরা এতে অংশ নেন।
মেলায় শিক্ষার্থীরা মানবসম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলেন, চাকরির সুযোগ সম্পর্কে জানেন এবং জীবনবৃত্তান্ত জমা দেন। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগপ্রক্রিয়া ও করপোরেট ক্যারিয়ার সম্পর্কেও ধারণা নেন। জাকসুর সাধারণ সম্পাদক মাজহার বলেন, শিক্ষার্থীদের কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ তৈরি এবং শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলাই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
দিনের কার্যক্রম শেষে সন্ধ্যা ৭টায় সিনেট ভবনে ‘রোড টু করপোরেট—ক্যারিয়ার সেশন’ অনুষ্ঠিত হয়। সেখানে করপোরেট খাতের বক্তারা ক্যারিয়ার পরিকল্পনা, করপোরেট সংস্কৃতি, জীবনবৃত্তান্ত প্রস্তুত, সাক্ষাৎকারের দক্ষতা ও পেশাগত উন্নয়ন নিয়ে দিকনির্দেশনা দেন। অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে খাবার, কফি, খেলাধুলা ও বিনোদনের আয়োজনও ছিল। ক্যারিয়ার হাব ছিল প্রধান পৃষ্ঠপোষক।