গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়ের জন্য তুরস্কের পাঠানো হাজারো অস্থায়ী ঘর প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইল—এমন অভিযোগ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার তুর্কি সম্প্রচারমাধ্যম টিজিআরটি হাবারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের আশ্রয়ে ব্যবহৃত কনটেইনার ঘরগুলো গাজায় পাঠানোর পরিকল্পনা ছিল।
ফিদানের ভাষ্য, প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের নির্দেশে এসব ঘর যত দ্রুত সম্ভব গাজায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে ঘরগুলো ধাতু দিয়ে তৈরি হওয়ায় ইসরাইল সেগুলো ঢুকতে দিচ্ছে না। ইসরাইলি কর্তৃপক্ষের যুক্তি, ওই ধাতু ব্যবহার করে হামাস অস্ত্র তৈরি করতে পারে বলে তিনি জানান।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিধিনিষেধের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কাপড়ের তাঁবুতে থাকতে হচ্ছে, যেখানে শীত, ঝড় ও বৃষ্টি তাদের দুর্ভোগ বাড়াচ্ছে। তিনি সতর্ক করেন, বন্যা, ঝড় বা শীত ফিলিস্তিনিদের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে; কোনো কোনো ক্ষেত্রে তা ক্ষুধার দুর্ভোগের চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে। গাজার মানবিক সংকট কূটনৈতিকভাবে তুলে ধরা অব্যাহত রাখবে তুরস্ক।