মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ব্যাপক আলোচনা ও দরকষাকষি চলছে। ভ্যান্স বলেন, ইরান যদি গ্রহণযোগ্য কোনো চুক্তিতে না আসে, তবে যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলা চালাবে। তিনি জানান, সময়সীমা শেষ হতে প্রায় ১২ ঘণ্টা বাকি, এবং তিনি আশাবাদী যে একটি ভালো সমাধান আসবে।
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ভ্যান্স। একই সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট করে বলেন, আজ রাতে একটি সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে, যদিও তিনি তা চান না। এর আগে ট্রাম্প ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠানোর হুমকি দিয়েছিলেন এবং বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলার কথা বলেছিলেন, সম্ভাব্য যুদ্ধাপরাধের উদ্বেগও তিনি নাকচ করেছিলেন।
ট্রাম্পের আলটিমেটাম অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত আটটায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ছয়টা) সময়সীমা শেষ হবে। এর আগেই ইরানের রেল ও সড়ক সেতুসহ বেসামরিক অবকাঠামোয় হামলা শুরু হয়েছে।